রাজধানীর ধানমন্ডি এলাকাকে বর্জ্যমুক্ত ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। মঙ্গলবার (২৮ আগস্ট) ধানমন্ডির কলাবাগান মাঠের কাছে নবনির্মিত পাঁচটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনের (এসটিএ) উদ্বোধনকালে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস, বিশিষ্ট কলামিস্ট আবুল মকসুদ, স্থপতি ইকবাল হাবিব, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘এই এসটিএসগুলি উদ্বোধনের মধ্য দিয়ে পুরো ধানমন্ডি ও কলাবাগান এলাকায় রাস্তার ওপর বর্জ্যবাহী কন্টেইনার বা ময়লা আবর্জনা দেখা যাবে না।’
অর্থনীতিতে বাংলাদেশের ঈর্ষণীয় প্রবৃদ্ধি অর্জনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন যেন ব্যাহত হয়, যেন বিদেশি বিনিয়োগ না আসে তাই উদ্দেশ্যমূলকভাবে নানা ধরনের বিভ্রান্তিকর নেতিবাচক রিপোর্ট প্রকাশ করা হচ্ছে। এগুলোর দিকে লক্ষ রাখতে হবে।’
অনুষ্ঠানে সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সকাল-সন্ধ্যা দুবার এ এলাকার বর্জ্য অপসারণের আহ্বান জানান। পাশাপাশি তিনি ধানমন্ডি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন করায় সিটি করপোরেশনকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশিষ্ট কলামিস্ট ও গবেষক আবুল মকসুদ বলেন, ‘নবনির্মিত পরিবেশবান্ধব এসটিএসগুলো বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিটি করপোরেশনের পাশাপাশি নাগরিকদের বর্জ্যমুক্ত নগরী গড়তে ভূমিকা রাখতে হবে। অন্যথায় সিটি করপোরেশনের একার পক্ষে এটি নিশ্চিত করা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘আমি ডিএসসিসির কোরবানির বর্জ্য অপসারণ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে দেখেছি এটি অত্যন্ত জটিল ও কষ্টকর কাজ। এই কাজে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে।’