ঢাবি ছাত্রীর আত্মহত্যা

 

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী রবিবার (৯ সেপ্টেম্বর) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম আফিয়া সারিকা (২৩)। তিনি মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে।



ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
সারিকার বাবার নাম নুরুল আমিন। গ্রামের বাড়ি যশোর সদরে। তিনি রাজধানীর খিলগাঁও চৌধুরীপাড়ায় পরিবারের সঙ্গে থাকতেন।
উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, গুরুতর আহত অবস্থায় সারিকার বড় বোন সুমাইয়াসহ কয়েকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ৮টায় মৃত ঘোষণা করেন।

সারিকার বড় বোন সুমাইয়া বলেন, ‘সারিকা ঘরের ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
তবে কী কারণে সারিকা গলায় ফাঁস দিয়েছেন, সে ব্যাপারে কিছুই বলেননি তিনি।
তিন বোনের মধ্যে সারিকা ছিলেন সবার ছোট।