রাজধানীর উত্তরা ১ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে বিভিন্ন প্লটের পার্কিয়ের জায়গা অবৈধ বাণিজ্যিক ব্যবহার ও নকশাবহির্ভূত স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ—রাজউক।
সোমবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তারের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়।
অভিযানে ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশে ১ নম্বর সেক্টরের আটটি প্লটের কার-পার্কিং ও বেজমেন্টের জায়গা থেকে দুটি রেস্টুরেন্ট, সাতটি দোকান, দুটি গোডাউন, দুটি অভ্যর্থনা কক্ষ ও একটি অফিস অপসারণ করা হয়েছে।
উচ্ছেদ কার্যক্রমে রাজউকের জোন-২ (উত্তরা, টঙ্গী, গাজীপুর)-এর পরিচালক আনন্দ কুমার বিশ্বাস, সহকারী অথরাইজড অফিসার মো. খায়রুজ্জামান ও আতাউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।