ঢাকায় মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার

গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের সংবাদ সম্মেলনগণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্রের উদ্যোগে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদিনব্যাপী ‘১৯৭১: মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বিশ্ব’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলা একাডেমিতে সম্মেলন উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান গণহত্যা, নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণা কেন্দ্র।

সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুনতাসির মামুন বলেন, বাংলাদেশসহ বিশ্বের আটটি দেশের ২৬ জন গবেষক, বিশেষজ্ঞ ও সাংবাদিক এই সম্মেলনে যোগ দেবেন। গত বছরও আমরা গণহত্যা বিষয়ক একটি আন্তর্জাতিক সেমিনার আয়োজন করেছিলাম। আমরা গণহত্যার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। আমরা বিজয়ের বিষয়ে যতটা গুরুত্বারোপ করেছি, গণহত্যা ও নির্যাতনের বিষয়ে ততটা করিনি।

তিনি বলেন, ১৯৭৫ সালের পর ইচ্ছাকৃতভাবেই গণহত্যার বিষয়টিকে আড়াল করে রাখা হয়েছিল, যাতে গণহত্যাকারীরা সমাজ এবং রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে। তাদের এই কৌশল সফল হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিকভাবেও গণহত্যার বিষয়টিকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে এত কম সময়ে এত বেশি মানুষ হত্যার ঘটনা ঘটেনি।
ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, বাংলাদেশে যে গণহত্যার বিচার হয়েছে বিশ্বের আর কোনও দেশে এরকম নজির নেই। নিঃসন্দেহে এই বিচারকার্য ভালো কাজ। বাংলাদেশে সরকারি পর্যায়ে আন্তর্জাতিকভাবে গণহত্যা দিবসের কোনও উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আশা করবো অতি দ্রুত সরকার আন্তর্জাতিক পর্যায়ে এর উদ্যোগ নেবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভারতের জাতীয় গবেষণা অধ্যাপক ডক্টর জয়ন্ত কুমার রায়, বেলজিয়ামের পাওলো কাসাকা, মিশরের মহসিন আরশি, ভারতের ড. কৌশিক বন্দ্যোপাধ্যায় ও কম্বোডিয়ার কিউ ডং প্রমুখ।