এসআই রহমতুল্লাহ তাদের উদ্দেশ করে বলেন, ‘আমাকে দেখাতে হবে না। আপনারা বসেন। অভিযোগ থাকলে মামলা দায়ের হবে।’
পুলিশ কর্মকর্তারা জানান, ভাসমান মানুষের সংখ্যা বেশি হওয়ায় উত্তরখান থানায় নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সমস্যার অভিযোগ বেশি।
হালিমার স্বামী মো. রাজু জানান, স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে এসেছিলেন। সেখানে ফুফাতো ভাইয়েরা হালিমাকে মারধর করেছে। এ ঘটনার পর তাদের হুমকি-ধমকিও দেওয়া হয়। গত ২ সেপ্টেম্বর রাতেও এ নিয়ে অভিযোগ জানাতে তারা থানায় এসেছিলেন। কিন্তু পুলিশ অভিযোগ নেয়নি। পুলিশ বাড়িতে গিয়ে বিষয়টি মীমাংসা করে দেবে বলেও আশ্বাস দিয়েছিল। কিন্তু তিন দিন হয়ে গেলেও এ ঘটনায় কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ, অভিযোগ করেন রাজু।
রাজু পেশায় একজন বাসচালক। বর্তমানে ‘আন্তরিক ক্লাসিক মিনিবাস’-এর সুপারভাইজার হিসেবে কর্মরত আছেন। পরিবার নিয়ে রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন।
ভুক্তভোগী হালিমা জানান, বাচ্চাদের ঝগড়াকে কেন্দ্র করে তার ফুফাতো ভাই জামান, আরমান ও জামাল তাকে মারধর করেন। এ ঘটনায় থানায় এলেও পুলিশ অভিযোগ নেয়নি বলে জানান তিনি।
রাজু বলেন, ‘প্রথম দিন আমরা থানায় আসলে পুলিশ বলেছিল ‘মারধরের প্রমাণ কী? মামলা করতে হলে মেডিক্যাল সার্টিফিকেট লাগবো। যাও মেডিক্যাল সার্টিফিকেট নিয়া আসো। পরে আমি টঙ্গী সরকারি মেডিক্যালে গিয়ে সার্টিফিকেট নিয়া আইছি।’
উত্তরখান থানা এলাকায় নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক কলহের ঘটনা বাড়ছে উল্লেখ করে কয়েকজন পুলিশ সদস্য বলেন, তিনদিন আগে স্বামীকে বিষ খাইয়ে খুন করেছে এক স্ত্রী। প্রথমে ওই নারী বিষয়টি স্বীকারই করেনি। পরে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই এ হত্যাকাণ্ডটি ঘটে।
উত্তরখান থানার উত্তর এবং পূর্বে রাজধানীর শেষ সীমানা। পশ্চিম এবং দক্ষিণে রয়েছে দক্ষিণখান থানা। উত্তরখানের শাহ কবির মাজার রোডের মাদারবাড়ি এলাকায় সড়কের পাশেই অবস্থিত উত্তরখান থানা। একটি চারতলা ভবনের নিচতলায় (ভাড়া বাড়ি) পরিচালিত হয় থানার কার্যক্রম। ভবনের পাশের খালি জায়গাটি ডাম্পিং ও পার্কিং হিসেবে ব্যবহার করা হয়। অন্যপাশে একটি চায়ের দোকান। থানার চারপাশে রয়েছে আবাসিক ঘরবাড়ি।
সরেজমিন থানার ভেতরে তেমন ভিড় দেখা যায়নি। ডিউটি কক্ষ থেকে বের হলেই ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষ। ডিউটি অফিসারের কক্ষের সঙ্গেই রয়েছে পরিদর্শক (তদন্ত)-এর কক্ষ। ভেতরে ডানপাশে থানার সেরেস্তা কক্ষ এবং বামপাশে হাজতখানা। ভেতরে একজন হাজতিকেও দেখা গেল। জানা যায়, দুই পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়েছে।
থানার সার্বিক দায়িত্বে রয়েছেন একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। এছাড়া, পরিদর্শক আছেন দুজন—একজন পরিদর্শক (তদন্ত) এবং অন্যজন পরিদর্শক (অপারেশন)। এই থানায় উপ-পরিদর্শকের (এসআই) পদ ৩৪টি। আছে মাত্র ১৪ জন, শিক্ষানবিশ উপ-পরিদর্শকের (পিএসআই) ২৩টি পদের বিপরীতে রয়েছে ৯ জন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রয়েছেন ২৬ জন এবং কনস্টেবল আছেন ৪১ জন। থানায় সহকারী উপ-পরিদর্শক ও কনস্টেবল পদে ২ জন করে বেশি রয়েছেন। এছাড়া আছেন একজন সুইপার (পরিচ্ছন্ন কর্মী)।
কনস্টেবল মোস্তাফিজ থানার টহল গাড়ির চালক। ননস্টপ ২৪ ঘণ্টা ডিউটি করেন। সকাল ৮ থেকে পরের দিন সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করতে হয়। একদিন গাড়ি চালালে পরদিন ঘুমিয়ে কাটান। ২৪ ঘণ্টা দায়িত্ব পালনে কষ্ট হয় কিনা জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কষ্ট কীসের। আমাদের কোনও সমস্যা হয় না।’
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জনগণকে সেবা দিতে সরকারের পক্ষ থেকে আমরা ভালো সুযোগ-সুবিধা পাচ্ছি। থানার দায়িত্ব পালনে চারটি গাড়ি রয়েছে। থানাটি ভাড়া বাড়িতে থাকলেও নিজস্ব ভবন তৈরির জন্য ৫০ কাঠা জমি বরাদ্দ পাওয়া গেছে। সেখানে কাজ চলছে।’ ২০২০ সাল নাগাদ নতুন ভবনে থানা স্থানান্তর হওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, ‘থানা এলাকার সমস্যা হচ্ছে রাস্তার বেহলা দশা। সামান্য বৃষ্টিতে কাদা-পানি জমে যায়। এর জন্য দায়িত্ব পালনে আমাদের ভোগান্তি পোহাতে হয়।’