রাজধানীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

এফডিসিতে আয়োজিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

রাজধানীর এফডিসিতে শনিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন করেছে ‘ডিবেট ফর ডেমোক্রেসি’। সংগঠনটির পাঠানো এক প্রেস রিলিজে এ তথ্য জানা গেছে।

ছায়া সংসদের আদলে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন দুর্নীতি দমন কমিশন-এর সাবেক চেয়ারম্যান গোলাম রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। বিতর্কে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে বাংলাদেশ ইউনিভার্সিটির তার্কিকরা জয়ী হন।

অতিথিদের সঙ্গে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল

এসময় দুর্নীতি দমন কমিশন-এর সাবেক চেয়ারম্যান গোলাম রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনি ইশতেহারে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দিলেও ক্ষমতায় এসে তা বাস্তবায়ন করে না। যে প্রক্রিয়ায় সংসদ সদস্য নির্বাচিত হন, যে প্রক্রিয়ায় সরকার গঠিত হয়, সে প্রক্রিয়ায় মধ্যেই যদি দুর্নীতির বীজ থাকে, তাহলে দুর্নীতি দমন সহজ হবে না। এ অবস্থার অবসানে পদ্ধতিগত সংস্কার জরুরি।


ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘দুর্নীতি প্রতিরোধ কারাটাই এখন সরকারের অন্যতম এজেন্ডা হওয়া উচিত। রাজনীতিবিদরা চাইলে দুর্নীতি প্রতিরোধ করা শুধু সময়ের ব্যাপার।’