সোমবার (০১ অক্টোবর) গণপূর্ত অধিদফতরের সম্মেলন কক্ষে ‘পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, ‘পৌর ও সিটি করপোরেশন এলাকায় বর্তমানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনা করা হয়। এসব বর্জ্য থেকে মূল্যবান উপাদান পাওয়া সম্ভব। তাই শহর এলাকার বর্জ্য পদার্থ পৃথক করে পুনঃ প্রক্রিয়াকরণ শিল্পস্থাপনের মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে।’
বিশ্ব বসতি দিবস উপলক্ষে নগর উন্নয়ন অধিদফতর এ সেমিনারের আয়োজন করে।
এ সময় গণপূর্ত মন্ত্রী আরও বলেন, ‘বিভিন্ন কলকারখানার তরল বর্জ্য পরিবেশ ও প্রতিবেশের ব্যাপক ক্ষতি করছে। কোনও কোনও কারখানায় ইটিপি থাকলেও তা চালানো হয় না। তাই ইটিপিকে কারখানার মেশিনের সঙ্গে সমন্বয় করতে হবে, যাতে কারখানা চালু হলে ইটিপিও চালু হয়ে যায়।’
তিনি বলেন, সরকারি আবাসনগুলোতে এখন থেকে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন করা হচ্ছে। মিরপুরে স্বপ্ননগর আবাসিক প্রকল্পে এসটিপি স্থাপনসহ বৃষ্টির পানি ধারণ ও পরিশোধন, গোসলখানা ও বেসিনের পানি পরিশোধন করে পুনরায় ব্যবহার করার ব্যবস্থা করা হচ্ছে। এখানে হিউম্যান স্লাজসহ রান্নাঘরের বর্জ্যও নিজস্বভাবেই ব্যবস্থাপনা করা হবে। উত্তরা ও ঝিলিমিলি আবাসিক প্রকল্প এবং পূর্বাচলেও একই ব্যবস্থা চালু করা হবে।
নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ড. খুরশীদ জাবিন হোসেন তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, পাবনার বেড়া উপজেলার মেয়র ও মেয়র অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি আব্দুল বাতেন।
অনুষ্ঠানে পৌর এলাকার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. তারিক বিন ইউসুফ উপস্থাপন করেন ‘মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন মিউনিসিপ্যালিটিস: ওয়ে ফরওয়ার্ড’ শিরোনামের প্রবন্ধ; বেসরকারি সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান উপস্থাপন করেন ‘মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট গুড প্র্যাকটিসেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শিরোনামের প্রবন্ধ; ব্র্যাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম হেড হাসিনা মোশরফা উপস্থাপন করেন ‘মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট: ব্র্যাক ইন্টারভেনশন’ এবং নগর উন্নয়ন অধিদফতরের সিনিয়র প্ল্যানার শাহীন আহম্মেদ উপস্থাপন করেন ‘মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট: শেয়ারিং এক্সপেরিয়েন্স অব ১৪ উপজেলা প্রোজেক্ট অব ইউডিডি’ শিরোনামের প্রবন্ধ।