ডেমরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

লাশ

রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকার একটি ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে রাশেদ (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে রাশেদ বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুপুর দেড়টায় তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রাশেদের সহকর্মী শিমুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গণমাধ্যম কর্মীদের বলেন, ‘স্টাফ কোয়ার্টার এলাকায় পাইলিংয়ের সময় পাইলিংয়ের রড বিদ্যুতের তারের সঙ্গে লেগে রাশেদ বিদুৎস্পৃষ্ট হয়।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ীর উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, ‘নিকটাত্মীয় না পাওয়ায় তার পুরো ঠিকানা পাওয়া যায়নি। অন্য শ্রমিকদের মাধ্যমে তার স্বজনদের খবর দেওয়া হয়েছে।’
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।