কওমি শিক্ষা স্বীকৃতির বিল পাস হওয়ায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে চান বাংলাদেশ জমিয়াতুল উলামার চেয়ারম্যান ও শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস ফরীদ উদ্দীন মাসঊদ। এ উদ্দেশ্যে তিনি এক পথযাত্রার পরিকল্পনা করেছেন। বুধবার (৩ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পথযাত্রা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মলেনে তিনি জানিয়েছেন, যশোর-সুনামগঞ্জে চারদিনের ওই পথযাত্রায় সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও তাবলিগের দ্বন্দ্ব নিরসনে আলেম ও জনতাকে ঐক্যবদ্ধ করতে প্রচার চালানো হবে।
সংবাদ সম্মেলনে ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, ‘দেশের আলেম উলামার প্রতি সরকারের আন্তরিকতাপূর্ণ হৃদ্যতা প্রকাশ পেয়েছে কওমি শিক্ষা সনদের স্বীকৃতি প্রদানের মাধ্যমে। দেশের আলেমদের দীর্ঘদিনের দাবি ছিল কওমি সনদের স্বীকৃতি প্রদান। সে দাবি মেনে নিয়ে আইন পাস করায় আমরা এই পথযাত্রার মাধ্যমে বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। পথযাত্রা চলবে ৬ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত। আর তা আয়োজন করা হবে যশোরের চাঁচড়া মোড় থেকে সুনামগঞ্জ পর্যন্ত।’
মাওলানা মাসঊদ আরও বলেছেন, তাবলিগ ইস্যু নিয়ে আজ আলেম-জনতার মধ্যে শুরু হয়েছে বিভেদ। মাদকে ক্লেদাক্ত আমাদের সমাজ। দেশের সর্বত্র আজ দুর্নীতিতে সয়লাব। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষাক্ত ছোবল আমাদের তাড়া করে। আলেম-জনতার ঐক্য গড়ার আহ্বান জানিয়ে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে যশোর-সুনামগঞ্জ ‘ঐতিহাসিক’ পথযাত্রা অনুষ্ঠিত হবে।