ঢাবি’র ৫১তম সমাবর্তন সফল করতে সকলের প্রতি উপাচার্যের আহ্বান

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ৫১তম সমাবর্তন অনুষ্ঠান সফল করতে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন। আজ  বৃহস্পতিবার (৪ অক্টোবর) অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুম আয়াজিত এক সংবাদ সম্মেলনে এ তিনি এই সহযোগিতা কামনা করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ৫১তম সমাবর্তন প্রচার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. জিয়া রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আগামী ৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ৫১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে।
এতে জানানো হয়েছে, অধিভুক্ত সাত কলেজের রেজিস্ট্রেশনকৃত গ্র্যাজুয়েটরা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ ভেন্যু থেকে সরাসরি সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন।  
সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও মহামান্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সভাপতিত্ব করবেন। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। ৫১তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য ২১ হাজার ১শ’ ১১ জন গ্র্যাজুয়েট রেজিস্ট্রেশন করেছেন। এই সংখ্যা ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তনের ইতিহাসে সর্বাধিক। অনুষ্ঠানে কৃতী শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১জনকে পিএইচ ডি এবং ২৭জনকে এম ফিল ডিগ্রি দেওয়া হবে। 
সমাবর্তনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে উপাচার্য বলেন, সমাবর্তন দিবস শিক্ষার্থীদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিবসটির জন্য শিক্ষার্থীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে তারা অ্যাকাডেমিক সার্টিফিকেট ও পদক গ্রহণ করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানের সংস্কৃতি চালু হয়েছে। এই সংস্কৃতি ভবিষ্যতও অব্যাহত থাকবে। প্রতি বছর নিয়মিতভাবে নির্দিষ্ট সময় সমাবর্তন অনুষ্ঠানের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল শিগগিরই সিদ্ধান্ত গ্রহণ করবে বলেও তিনি জানান। উপাচার্য বলেন, সমাবর্তন অনুষ্ঠানের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তাও নিশ্চিত করা হয়েছে। সমাবর্তনের দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গ্র্যাজুয়েটদের চলাচল নির্বিঘ্ন করতে বিকল্প রাস্তা ব্যবহারের জন্য তিনি সর্বসাধারণ এবং স্বাভাবিক চলাচলকারীদের প্রতি আহ্বান জানান।