এবার কেনিয়া থেকে এলো ৩৩২ কেজি এনপিএস

ঢাকা কাস্টম হাউসের আটক করা এনপিএস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও ৩৩২ কেজি ইথিওপিয়ান গাঁজা বা এনপিএস (নিউ সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস)উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ দল।  এর আগে এ ধরনের মাদকদ্রব্য ইথিওপিয়া থেকে পাঠানো হলেও এবার এলো কেনিয়া থেকে। বৃহস্পতিবার কার্গো ভিলেজের মেইন ওয়্যারহাউস-২ এর পাশ থেকে মাদকগুলো জব্দ করা হয়। এ নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে এনপিএসের ৬টি চালান জব্দ করা হল। ঢাকা কাস্টম হাউসের ডেপুটি অথেলো চৌধুরী এ তথ্য জানান।

ঢাকা কাস্টম হাউসের আটক করা মাদক এনপিএস

অথেলো চৌধুরী বলেন,অনেক আগেই গোয়েন্দা তথ্য ছিল। ঢাকা কাস্টম হাউজের প্রিভেন্টিভ টিম দীর্ঘদিন ধরে কার্টনগুলোর অনুসন্ধানে ছিল। তারপরও চালানটি ধরা যাচ্ছিল না। গত ২৩ আগস্ট সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ নম্বর ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ১৭টি কার্টন আমদানি করা হয়। চালানটি কেনিয়ার নাইরোবি থেকে মরিশাস ও পরে সিঙ্গাপুর হয়ে ঢাকায় আসে। পরে বৃহস্পতিবার সকাল ১১টায় কার্গো ভিলেজের মেইন ওয়্যারহাউস-২ এর পাশ থেকে পণ্যগুলো জব্দ করা হয়। কার্টনগুলো খুলে তার ভিতর থেকে গ্রিন টি-এর মতো দেখতে পণ্যগুলো জব্দ করা হয়। এটি মূলত ইথিওপিয়ান গাঁজা বা এনপিএস।

অথেলো চৌধুরী আরও বলেন, কেনিয়ার নাইরোবির ওবিএসএ নাউয়ি প্রজেক্ট লিমিটেড চালানটি রফতানি করেছে। আমদানি করেছে রাজধানীর শান্তিনগরের নওশীন এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠান। উদ্ধার করা চালানটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক করা এনপিএস

এগুলোকে ‘খাট’ ও  বলা হয়ে থাকে বলে জানা গেছে।

ডিএনসি বলছে, এ ধরনের গাঁজা পানির সঙ্গে মিশিয়ে তরল করে সেবন করা হয়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। এতে অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া হয়। এটি বাংলাদেশে আগত নতুন এক ধরনের মাদক। উদ্ভিদ প্রজাতির এ মাদক নিষিদ্ধ ঘোষণা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।