মন্ত্রিপরিষদের নেওয়া কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধার সন্তানদের আন্দোলন স্থগিতের অনুরোধ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে শাহবাগ মোড়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ অনুরোধ করেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘যতদিন পর্যন্ত বাংলাদেশে শেখ হাসিনা আছেন এবং আমরা মুক্তিযোদ্ধারা আছি, ততদিন পর্যন্ত মুক্তিযোদ্ধার সন্তানদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হবে না।’
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দাবি অবশ্যই যৌক্তিক। আমরা যুদ্ধ করেছি। তবে আমাদের সন্তানেরা দাবি আদায়ের জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এটা কাম্য নয়। আমরা বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা মাথা উঁচু করে রাস্তায় চলবো।’
তিনি বলেন, ‘আগামীকাল মেডিক্যাল ভর্তি পরীক্ষা দিতে হাজার হাজার শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা এই এলাকায় আসবেন। আন্দোলনের কারণে যানজটের সৃষ্টি হবে। ফলে তারা সময়মতো পরীক্ষার হলে আসতে পারবেন না। মেডিক্যাল ভর্তি পরীক্ষা সরকারের জন্য একটি চ্যালেঞ্জ। পরীক্ষায় অংশ গ্রহণকারীদের যাতে কোনও বাধা সৃষ্টি না হয়, সে জন্য আন্দোলন স্থগিত করার অনুরোধ জানাচ্ছি।’
এসময় ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আপনারা জানেন, এটা নির্বাচনের বছর। এ বছর স্বার্থান্বেষী মহল নানাভাবে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। ভর্তি পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য আপনাদের সবার সহযোগিতা দরকার। আপনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে এখানে অনুরোধ করে নিয়ে এসেছি। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতে যাতে কোনও বাধা সৃষ্টি না করা হয়, সেজন্য আপনাদের সহযোগিতা করতে হবে।’
এ প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা মঞ্চের মুখপাত্র আ ক ম অধ্যাপক জামাল উদ্দিন বলেন, ‘মেডিক্যাল পরীক্ষার কথা বিবেচনা আমরা পরীক্ষা চলাকালীন আন্দোলন স্থগিত করছি।’
তিনি বলেন, ‘একইসঙ্গে আমরা বলতে চাই, মন্ত্রী পরিষদ সচিব কোটা বাতিলের জন্য যে সিদ্ধান্ত নিয়েছেন, আমরা তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তার পদত্যাগও দাবি করছি।’ মেডিক্যাল পরীক্ষার পর থেকে এই আন্দোলন লাগাতারভাবে চলবে বলেও জানান তিনি।