মাভাবিপ্রবি শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের গেটটাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যিালয়ের (মাভাবিপ্রবি) কয়েকজন শিক্ষককে ক্ষমতাসীন দলের বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র সংগঠনের নেতাদের হাতে লাঞ্ছিতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল৷
মঙ্গলবার (৯ অক্টোবর) সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলামের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়৷
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,' জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদে জানা গেছে যে, ছাত্র সংগঠনটির সভাপতি ও তার সহযোগীরা বিশ্বদ্যিালয়ের প্রচলিত বিধি ভঙ্গ করে পদার্থ বিজ্ঞান বিভাগের অনুত্তীর্ণ একজন শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের ওপর চাপ প্রয়োগ করেন। শিক্ষকরা তাদের এ অন্যায় ও অনৈতিক দাবি মেনে নিতে অস্বীকৃতি জানালে তাদের লাঞ্ছিত করা হয়। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃপক্ষের কাছে এ অনাকাঙ্খিত ঘটনায় দায়ীদের দ্রুত বিচার দাবি করলেও কর্তৃপক্ষ সময়োচিত ব্যবস্থা গ্রহণ করেননি। এ ঘটনার প্রতিবাদে লাঞ্ছিত শিক্ষকরাসহ তাদের ৫৬ জন সহকর্মী ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।’
এ ঘটনায় দায়ীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং পদত্যাগকারী শিক্ষকদের স্ব স্ব পদে বহাল রেখে তাদের নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কতৃপক্ষের কাছে আহ্বান জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।