প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী মা' সম্বোধন করে কোটা বহালের দাবি প্রতিবন্ধী শিক্ষার্থীদের


শাহবাগে কোটা বহালের দাবিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি 
সরকারি চাকরিতে প্রতিবন্ধীদের পাঁচ শতাংশ কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অষ্টম দিনের মতো অবস্থান কর্মসূচিতে বসেছে বাংলাদেশ প্রতিবন্ধী শিক্ষার্থী ঐক্য পরিষদ। এসময় তারা প্রধানমন্ত্রীকে ‘মমতাময়ী মা’ সম্বোধন করে তাদের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
অবস্থান কর্মসূচিতে তারা প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন,' আপনি একজন মমতাময়ী মা। আপনি দেখুন, আমরা প্রতিবন্ধী শিক্ষার্থীরা অষ্টম দিনের মতো রোদ-বৃষ্টিতে ভিজে দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় আন্দোলন করছি। কোটা সংস্কার আন্দোলনের সময় যখন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল থেকে বের হয়ে গেছে, তখন আপনি বলেছেন সারা রাত নাকি ঘুমাতে পারেননি। তাহলে আজকে টানা তিনদিন প্রতিবন্ধী মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করছে। এখন আপনি কীভাবে ঘুমাচ্ছেন?’
তারা প্রধানমন্ত্রীর উদ্দেশে আরও বলেন, ‘আপনি মমতাময়ী মা। কিন্তু আমরা সাংবিধানিক অধিকারের জন্য শাহবাগে আন্দোলন করে অসুস্থ হয়ে পড়ছি। অথচ এখন পর্যন্ত  আপনার কাছ থেকে কোনও সাড়া পাচ্ছি না। ‘
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোকাদ্দেশ হোসেন রাজু বলেন,‘ আজকে আমাদের মন এবং শরীর কিছুই ভালো নেই। প্রতিবন্ধী মেয়েরা আজকে তিনদিন শাহবাগে অবস্থান করে অসুস্থ হয়ে পড়েছে । আজকে বিকেলের মধ্যে আপনি আপনার প্রতিনিধি দল পাঠিয়ে আমাদের দাবি মেনে নিন।’
এদিকে, প্রতিবন্ধী শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি স্থলে দেখা গেছে, টানা তৃতীয় দিন অবস্থান করায় আন্দোলনকারীদের অনেকে অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যালে ভর্তি হয়েছেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।