কমিটি গঠনের বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন সহকারী প্রক্টর মাকসুদুর রহমান এবং জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ইমদাদুল হক।
উপচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘ডিজিটাল জালিয়াতির অভিযোগের ভিত্তিতে গতকাল সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলে দিয়েছি। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে।’
গতকাল শুক্রবার (১২ অক্টোবর) হওয়া ঢাকা বিশ্ববিদ্যলয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগ উঠেছে। অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ৭২টির হুবহু মিল পাওয়া যায়। এর প্রমাণ সাংবাদিকদের কাছে রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রব্বানী এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক সাদেকা হালিম। তারা বিষয়টি তদন্ত করে দেখবেন বলে জানান। এরই পরিপ্রেক্ষিতে এ তদন্ত কমিটি গঠন করা হলো।
আরও পড়ুন: ‘ঘ’ ইউনিটের মূল প্রশ্নের সঙ্গে মিল রয়েছে ফাঁস হওয়া ৭২টির