রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণ করতে হাইকোর্টের আদেশের ওপর স্থিতিবস্থা জারি করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ বিষয়ে জারি করা রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
রবিবার (১৪ অক্টোবর) আপিল বিভাগের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। অন্যদিকে, হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
পরে খুরশীদ আলম খান বলেন, ‘এই স্থিতিবস্থা জারির ফলে হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই স্থাপনাগুলো ভাঙা যাবে না ।’
এর আগে গত ১০ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল-বেগুনবাড়ি প্রজেক্টে লে-আউট প্ল্যানের বাইরে থাকা স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণের নির্দেশ দেন হাইকোর্ট।
সেই আদেশ স্থগিত চেয়ে আবেদন করায় আপিল বিভাগ রবিবার এই আদেশ দেন।