তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডিজিটাল সিকিউরিটি আইনের ব্যাপারে সম্পাদক পরিষদের সঙ্গে আলোচনা অব্যাহত আছে। সংসদে পাস হওয়া আইনে স্বাক্ষর করা রাষ্ট্রপতির রুটিন ওয়ার্ক, তিনি তাই করেছেন। আইন সংশোধনের যথেষ্ট সুযোগ রয়েছে। কাজেই ‘তিন মন্ত্রী কথা রাখেননি’ এই মন্তব্য হৃদয় বিদারক।
রবিবার (১৪ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা বলেছিলাম আইনে যে সব অসঙ্গতি রয়েছে, সেটি প্রধানমন্ত্রীকে অবহিত করা হবে। আমরা তা করেছি, আলোচনা অব্যাহত আছে।’
সোমবার (১৫ অক্টোবর) সম্পাদক পরিষদের মানববন্ধন কর্মসূচি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘মানববন্ধন করুন আর না করুন, আমরা আলোচনার মধ্যেই আছি। আর মানববন্ধন কর্মসূচি দাবি জানানোর একটি পন্থা।’