মঙ্গলবার (১৬ অক্টোবর ) রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারক আখতারুজ্জামান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
এ মামলায় খালেদা জিয়ার জামিন কেন বাতিল করা হবে না এবং মামলার কার্যক্রম (যুক্তিতর্ক) স্থগিত করে কেন রায় ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে আদেশের জন্য আজ (মঙ্গলবার) দিন ধার্য ছিল। কিন্তু এ আদেশের বিরুদ্ধে আসামি পক্ষের করা আবেদন খারিজ করে দেওয়ায় বিচারক ২৯ অক্টোবর রায়ের দিন নির্ধারণ করেন।
খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে তিন কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলাটিতে খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া ছাড়া অভিযুক্ত অন্য তিন আসামি হলেন খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক রয়েছেন।