রাজধানীতে আসল ডিবির হাতে ৬ ভুয়া ডিবি সদস্য গ্রেফতার

আটকরাজধানীর উত্তরায় ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের সময় আসল ডিবি সদস্যদের গুলিতে একজন আহত হয়েছেন। এ সময় ডিবি সদস্যরা গুলিবিদ্ধসহ ছয় ভুয়া ডিবি সদস্যকে আটক করেন। গুলিবিদ্ধ শামীম (৩৫) বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রবিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাতে উত্তরা পশ্চিম থানা এলাকায় ছয় ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করছিল। পরে খবর পেয়ে ডিবি পশ্চিম বিভাগের উত্তরা জোনের সদস্যরা একজনকে গুলি করে ওই ছয় ব্যক্তিকে আটক করেন। গুলিবিদ্ধ শামীমকে রাত পৌনে ২টায় চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন ওই জোনের (ডিবি পুলিশ) পরিদর্শক মোশাররফ হোসেন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে।

উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এস আই মোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাস্থল থেকে আটকদের ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।