মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আন্তরিক হতে হবে: প্রধান বিচারপতি




কুমিল্লায় প্রধান বিচারপতিজনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মামলার সংখ্যা বাড়ছে। তবে সে অনুযায়ী মামলার নিষ্পত্তি হচ্ছে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি এর জন্য অপর্যাপ্ত বিচারক ও এজলাস সংকটকে দায়ী করেছেন। এ অবস্থায় মামলার সংখ্যা কমাতে বিচারক ও আইনজীবীদের আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

প্রধান বিচারপতি বলেন, ‘আদালতের কর্মঘণ্টা পূর্ণ ব্যবহার করতে হবে এবং আইনজীবীদের মামলার বার বার শুনানির প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। বার ও বেঞ্চ সহযোগিতামূলকভাবে এগিয়ে না এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সংসদ ও বিচার মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহার। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আবুল হাশেম খান। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা ও দায়রা জজ কে এম সামছুল আলম।