খালেদা জিয়া আজ আদালতে যাবেন না: বিএসএমএমইউ পরিচালক





খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আজ (সোমবার, ২৯ অক্টোবর) হাজিরা দেওয়ার কথা থাকলেও আদালতে যাবেন না ।


সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুন এতথ্য জানান।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনার আজ (সোমবার) বোধহয় কোর্টে হাজিরা আছে, কিন্তু তিনি আজ কোর্টে যাবেন না।’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কেমন, জানতে চাইলে তিনি বলেন, ‘উনি তো হাসপাতালে ভর্তি আছেন। তিনি তো অসুস্থ। হাসপাতালে তো কেউ অসুস্থ না হলে ভর্তি থাকেন না।’
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ওই দিনই তাকে রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। কারাবন্দি অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার জন্য মেডিক্যাল বোর্ড গঠনের অনুরোধ জানিয়ে থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিঠি পাঠায় কারা কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ অর্থোপেডিক বিভাগের ডা. শামসুজ্জামান শাহীনকে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করে। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে খালেদা জিয়ার শারীরিক পরীক্ষা বিএসএমএমইউতে করানো হয়।
এদিকে, গত ৫ জুন তিনি কারাগারে থাকা অবস্থায় মাথা ঘুরে পড়ে যান বলে জানান বিএনপির মহাসচিব রুহুল কবির রিজভী। গত ৭ জুলাই বিএনপির পক্ষ থেকে আবারও বলা হয়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে থাকা অবস্থায় শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। পরবর্তীতে আদালতের নির্দেশে খালেদা জিয়াকে গত ৬ অক্টোবর বিএসএমএমইউ এর কেবিন ব্লকে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।