যারা পোড়া মবিল দিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কথা বলছেন আসাদুজ্জামান খাঁন কামাল (ছবি– প্রতিনিধি)

পরিবহন ধর্মঘটের নামে সড়কে যারা হয়রানি করেছে, তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। জড়িতদের বিরুদ্ধে ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই হুঁশিয়ারি দেন মন্ত্রী।

রবি ও সোমবার পরিবহন শ্রমিকরা দেশব্যাপী ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করে। এসময় রাজধানীর বিভিন্ন সড়কে দাঁড়িয়ে বিভিন্ন গাড়িচালক, যাত্রী ও শিক্ষার্থীদের মুখে পোড়া মবিল লাগিয়ে দিতে দেখা যায়। শ্রমিকদের এমন কর্মকাণ্ড নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়। ধর্মঘট পালন না করে যারা গাড়ি চালিয়েছে, তাদের অনেককে কান ধরে ওঠবস করিয়েছে শ্রমিকরা। এসব ঘটনার ছবি ও ভিডিও দেশের গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে  প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এর নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে কোনও ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা- জানতে চাইলে তিনি বলেন, ‘পরিবহন শ্রমিকদের ৪৮ ঘণ্টা ধর্মঘটে রাস্তায় দাঁড়িয়ে যারা সাধারণ মানুষকে হয়রানি করেছে, ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের কোনও ছাড় দেওয়া হবে না।’

একই অনুষ্ঠানে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করেন, মাদক পাচারকারী চক্রের সঙ্গে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিষয়ে কোনও ব্যবস্থা নেওয়া হবে কিনা? এই প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, ‘মাদকের সঙ্গে জড়িত আছে, আইনশৃঙ্খলা বাহিনীর এমন সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও নেওয়া হবে। মাদকের বিষয়ে কাউকে এক চুল ছাড় দেওয়া হবে না, সে যতই ক্ষমতাধর হোক না কেন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।