রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজন দগ্ধ হয়েছেন। এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। শুক্রবার (২ নভেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধ জামাল উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন– কামাল (২৮), জাকির (২২) ও রমজান (২৮)।
দোকান কর্মচারী দগ্ধ জামাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কারখানায় কাজ করছিলাম। এসময় হঠাৎ একটি শব্দ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। পরে দ্রুত কারখানা থেকে বের হওয়ার সময় আগুনে আমার দুই পায়ের কিছু অংশ ঝলসে যায়। একই সময় আরও তিন জন তাড়াহুড়ো করে বের হতে গিয়ে আঘাত পায়।’ তারা স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলেও জানান তিনি।
এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়। এতে দু’টি টিনশেডের দোকান পুড়ে গেছে।’