বাড্ডা-শাহজাদপুর লেক ড্রাইভ সড়কের উদ্বোধন

বাড্ডা -শাহজাদপুর লেক ড্রাইভ সড়কের উদ্বোধনী অনুষ্ঠান

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্মিত বাড্ডা (হাতিরঝিল মোড়) হতে শাহজাদপুর পর্যন্ত লেক ড্রাইভ সড়কের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় হাতিরঝিল মোড়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সড়কটির উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। 

রাজউকের লেক উন্নয়ন প্রকল্পের আওতায় বাড্ডা (হাতিরঝিল মোড়) হতে শাহজাদপুর পর্যন্ত লেকের পাড়ে বাড্ডা-শাহজাদপুর অংশে ২ দশমিক ৪০ কিলোমিটার দৈর্ঘ্যের লেক ড্রাইভ সড়কের প্রস্থ ৩০ ফুট এবং সড়কের দুই পাশে ওয়াক ওয়ে রয়েছে।  সড়কের এক পাশের (লেকের পড়ে) ওয়াক ওয়ে চওড়ায় ছয় ফুট এবং অন্য পাশে তিন ফুট। ওয়াকওয়ের ওপর বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে, যা লেকের সৌন্দর্য  বাড়িয়েছে। এছাড়া, বাড্ডা (হাতিরঝিরল মোড়) হতে শাহজাদপুর পর্যন্ত লেক ড্রাইভ সড়ক নির্মাণের মাধ্যমে লেকে সংযুক্ত বেশকিছু সংখ্যক পয়ঃপ্রণালী ও পানি নিষ্কাশন প্রণালী পাইপ লাইনের মুখ বন্ধ করে লেকের পাড়ে বিকল্প আরসিসি পাইপ বসিয়ে লেক থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে  বাড্ডা  হতে শাহজাদপুর পর্যন্ত অংশে লেকের পাড় সংরক্ষণের কাজ সম্পন্ন করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘এই সড়ক  নির্মাণ করা হয়েছে গুলশান-বারিধারার সঙ্গে যোগাযোগের সুবিধার জন্য। কাজেই এই সড়ক ও  লেক রক্ষণাবেক্ষনের দায়িত্ব এই এলাকার জনগণের ।’

তিনি বলেন, ‘লেকড্রাইভ সড়ক নির্মাণের জন্য যাদের ভূমি অধিগ্রহণ করা হয়েছে, তাদের জমির তিনগুণ মূদাম শিগগিরই পরিশোধ করা হবে।’

রাজউকের চেয়রম্যান মো. আব্দুর রহমান বলেন, ‘রাজউক জনগণের ভালোর জন্য কাজ করে। যে কাজ জনগণের জন্য ভালো নয়, সেই কাজ রাজউক কখনও করবে না।’ ‍তিনি বলেন, ‘এঅঞ্চলের অধিবাসীদের যাতায়াতের জন্য লেকড্রাইভ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

তিনি জানান, লেকড্রাইভ সড়ক নির্মাণে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হকের স্বতঃস্ফূর্ত অবদান ছিল। এছাড়া,  এই সড়ক নির্মাণে বাড্ডা ও শাহজাদপুরের এলাকাবাসীর সোহযোগিতা ছিল অনস্বীকার্য।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, হাতিরঝিল প্রকল্প পরিচালক মেজর জেনারেল অবু সাইদ মো. মাসুদ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও গুলশান সোসাইটির সাবেক সভাপতি এ টি এম সামশুল হুদা প্রমুখ।