উত্তরায় ইয়াবা উদ্ধারের ঘটনায় দুই জনের কারাদণ্ড

আদালত

রাজধানীর উত্তরায় পঁচিশ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় দুই জনকে ১২ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ নভেম্বর) ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফারহানা ফেরদৌস এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– ট্রাকচালক মো. আমজাদ শেখ ও তার সহকারী মো. সবুজ মিয়া।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ১৯ মে এক অভিযানে উত্তরা পূর্ব থানাধীন ৪নং সেক্টরের ৭নং রোড থেকে ট্রাকচালক আমজাদ শেখ ও মো. সবুজ মিয়াকে আটক করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ওই সময় ট্রাকে থাকা অন্য এক আসামি পালিয়ে যায়। আটক দুই জনের দেওয়া তথ্যে ট্রাকে বসার সিটের নিচে বক্সের ভেতরে একটি শপিংব্যাগ থেকে পঁচিশ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই  ঘটনায় ডিবি দক্ষিণ পুলিশের এসআই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

সূত্র আরও জানায়, একই বছরের ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডিবি দক্ষিণ পুলিশের এসআই মো. রেজাউল করিম আটক দুই জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এ ছাড়া, পালিয়ে যাওয়া আসামির নাম-ঠিকানা না পাওয়ায় অব্যাহতির আবেদন করেন। আদালত ১৫ জনের মধ্যে ৭ জনের সাক্ষ্য  নিয়ে আজ এ রায় দেন।