শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘নির্বাচনি ইশতেহারে পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক বিআইপি’র প্রস্তাবনা’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জনানো হয়েছে। রাজধানীর বাংলামটরে অবস্থিত বিআইপি’র কনফারেন্সে হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বিআইপির পক্ষ থেকে এতে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক ও পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান।
আদিল মুহাম্মদ খান বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে সুনির্দিষ্টভাবে পরিকল্পনা ও উন্নয়ন সম্পর্কিত অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত করার জন্য আমরা দাবি জানাচ্ছি।’
তিনি বলেন, ‘দেশের আয়তনের তুলনায় অধিক জনসংখ্যা ও তার ঘনত্ব বৃদ্ধির ফলে এদেশের প্রতি ইঞ্চি ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সারাদেশের ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পরিকল্পিত উন্নয়নের কোনও বিকল্প নেই।’
তিনি আরও বলেন, ‘‘পরিকল্পিত নগর, অঞ্চল ও গ্রাম উন্নয়নকে সঠিক নীতি ও আইনি কাঠামোর আওতায় আনা প্রয়োজন। এ লক্ষ্যে খসড়া ‘নগর উন্নয়ন নীতি’ এবং ‘নগর ও অঞ্চল পরিকল্পনা আইন’- এর চূড়ান্ত অনুমোদন দিয়ে তা প্রকাশের ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে বর্তমান বাস্তবতায় নগর ও গ্রামীণ উন্নয়ন ব্যবস্থাকে অধিকতর পরিকল্পিত করার লক্ষ্যে প্রচলিত আইনের সংস্কার প্রয়োজন।’’
অদিল মুহাম্মদ খান বলেন, ‘‘দেশের গ্রামাঞ্চলে দ্রুত নগরায়নের ছোঁয়া লাগছে। গ্রাম, উপজেলার সুষ্ঠু ভূমি ব্যবহারের জন্য উপজেলা পর্যায়ে ‘পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ’ তৈরি করতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভার বাইরে এই ‘পরিকল্পনা উন্নয়ন বিভাগ’ প্রতিটি উপজেলার ভূমির পরিকল্পনা এবং উন্নয়ন নিয়ন্ত্রণ করবে। এজন্য নগর উন্নয়ন অধিদফতরকে উপজেলা পর্যন্ত সম্প্রসারণ করতে হবে। দেশে নগর জনসংখ্যা বৃদ্ধির হার অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। তাই ‘নগর উন্নয়ন ও পরিকল্পনা মন্ত্রণালয়’ স্থাপন অতি জরুরি।’’
এই পরিকল্পনাবিদ বলেন, ‘দেশের নদী, খালসহ বৃহৎ জলাভূমি রক্ষায় সমন্বিত পদক্ষেপ নেওয়া অতি জরুরি। একই সঙ্গে পাহাড়, বন ও সমুদ্রসীমা রক্ষায়ও যথাযথ পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’
নির্বাচনি ইশতেহারে পরিবহন ও যাতায়াত বিষয়েও বিস্তর ঘোষণা রাখার দাবি জানায় বিআইপি। এজন্য সড়কের পক্ষাপাশি জল ও রেলপথকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন তিনি। এছাড়া, আবাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, বিনিয়োগ আকর্ষণ ও অর্থনৈতিক উন্নয়নে পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
ইনস্টিটিউটের সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. একেএম আবুল কালামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ইনস্টিটিউটের সহ-সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ, যুগ্ম সম্পাদক পরিকল্পনাবিদ মুহাম্মদ মাজহারুল ইসলাম প্রমুখ।