জাতিসংঘের গ্লোবাল চ্যাম্পিয়ন স্বীকৃতি পেলেন অতি. আইজিপি মোখলেসুর

মোখলেসুর রহমাননারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে অসামান্য অবদানের জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল-ইউএনএফপিএ’র গ্লোবাল চ্যাম্পিয়ন মনোনীত হয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন্স) মো. মোখলেসুর রহমান। পুলিশ সদর দফতর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। ইউএনএফপিএ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদানের জন্য বিশ্বব্যাপী ১৬টি দেশের ১৬ জনকে চ্যাম্পিয়ন মনোনীত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ কর্মকর্তা মোখলেসুর রহমান তার দীর্ঘ কর্মজীবনে জেন্ডারভিত্তিক নির্যাতন প্রতিরোধে অসামান্য অবদান রেখেছেন। তিনি বহু বছর ধরে জেন্ডার বেইজড ভায়োলেন্স যেমন- বাল্য বিয়ে, নারী নির্যাতন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সে পরিপ্রেক্ষিতে ইউএনএফপিএ তাদের কার্যক্রমের সঙ্গে তাকে সম্পৃক্ত করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৫ সাল থেকে ইউএনএফপিএ’র কার্যক্রমের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে কাজ করছেন মোখলেসুর। তিনি জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পরিচালিত জেন্ডার বেইজড ভায়োলেন্স এর একজন পরামর্শক। তার পরামর্শে দেশের ১৫টি থানায় ইউএনএফপিএ’র সহায়তায় পাইলট প্রকল্প হিসেবে ‘নারী সহায়তা ডেস্ক’ স্থাপন করা হয়েছে। তিনি গরিবের জন্য পুলিশিং ব্যবস্থা গড়ে তোলার প্রবক্তা।’

উল্লেখ্য, ‘নারী সহায়তা ডেস্ক’ এর মাধ্যমে নির্যাতনের শিকার নারী ও কন্যা শিশুর অভিযোগের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এবং এ ক্ষেত্রে কঠোর গোপনীয়তা রক্ষা করা হয়। এশিয়ার মধ্যে বাংলাদেশেই প্রথম বিভিন্ন থানায় ‘নারী সহায়তা ডেস্ক’ চালু করা হয়।