হিজবুত তাহরীরের ৫ সদস্য রিমান্ডে





আদালতরাজধানীর মিরপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় হিজবুত তাহরীরের পাঁচ সদস্যকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
সোমবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক মোহাম্মদ জসিম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে পাঠানো আসামিরা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফলিত গণিত বিভাগ তৃতীয় বর্ষের ছাত্র ফারাবী খান অনিক, কল্যাণপুরে আর্টিসান কোচিং সেন্টারের পরিচালক তারেক মোহাম্মদ ফয়সাল, মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র তানভীর আহম্মেদ, মোস্তফা মোরসালীন প্রাঙ্গণ ও তেজগাঁও কলেজের ছাত্র জামিলুর রেজা নবীন।
মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করে আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন।তবে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিন নামঞ্জুর করে রিমান্ডে পাঠানোর আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
শনিবার (২৪ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরের এই পাঁচ সদস্যকে গ্রেফতার করে র্যা ব-৪। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মিরপুর থানায় মামলা দায়ের করা করা হয়।