বিএনপি ও জামায়াত মানিকজোড়: ইব্রাহিম খালেদ





২২২২বিএনপি ও জামায়াতে ইসলামী মানিকজোড় বলে মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ড. ইব্রাহিম খালেদ। তিনি বলেন, এ দুটি দলের মুরুব্বি এক জায়গায় বিধায় তারা একসঙ্গে আছে এবং থাকবে।
মঙ্গলবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাগো বাংলা ফাউন্ডেশনের আয়োজনে ‘আসন্ন নির্বাচন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ইব্রাহিম খালেদ বলেন, ‘আমাদের দেশের সাধারণ মানুষের মধ্যে প্রচুর আলাপ ছিল, যদি জামায়াত থেকে বিএনপির আলাদা হতে পারে তবে বিএনপি একটি ভিন্ন চরিত্র পেতে পারে। কিন্তু অনেক সংঘাতের মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম, তারা মানিকজোড়। কেউ কাউকে ছাড়তে পারে না। ফলে তারা একসঙ্গে আছে এবং থাকবে। এর কারণ বোধহয় এদের দুজনের মুরুব্বি এক জায়গায়। টাকা-পয়সা লাগে তো রাজনীতি করতে হলে। যার ফলে তাদের টাকা পয়সাসহ অনেক সহায়তা বাইরে থেকে আসে।’
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি কী করেছে, তা মনে করিয়ে দিন। এবং ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত আওয়ামী লীগ কী করেছে, সেটাও আমাদের মনে করিয়ে দিন। আমরা কাউকে বলছি না যে আপনারা একজনের পক্ষ নেন। আপনারা শুধু পরিবেশন করবেন খাওয়ার টেবিলের মতো। সত্যকে সত্য লিখবেন, কোনও মিথ্যে লেখার দরকার নেই। এতে দুটো চরিত্র বেরিয়ে আসবে। এবং এ থেকে কোনটি ভালো, কোনটি মন্দ— সেটি জনগণই বুঝে নেবে।’
গণতন্ত্র নিয়ে এই অর্থনীতিবিদ বলেন, ‘আওয়ামী লীগ বলে আমাকে ভোট দিতে হবে এই জন্য, যাতে গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকে। আর বিএনপি বলে তাকে ভোট দিতে হবে এই জন্য, যাতে গণতন্ত্র পুনরুদ্ধার হয়। পুনরুদ্ধার অর্থ হচ্ছে এখন নেই, আগে ছিল। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আপনারা যখন ছিলেন, তখন যে বোমাবাজি-চাঁদাবাজি হয়েছিল, সেটা কি গণতন্ত্র গণতন্ত্র? অনেক কিছু আইনে লেখা থাকে, আবার লেখা থাকে না। এটা দেখতে হয় দৃষ্টি দিয়ে। আর সেই দৃষ্টিই হচ্ছে গণতন্ত্র।’
নাগরিক সংলাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী শিকদার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস, জাগো বাংলা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী নাসির আহমেদসহ বিভিন্ন শ্রেণি-পেশার দেশবরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।