প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফকে স্মরণ

প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফকে স্মরণনানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকা সিটি করপোরেশনের প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফকে স্মরণ করা হয়েছে। তার ১২তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন, স্মরণ সভা, আলোকচিত্র প্রদর্শনী, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর আজিমপুর কবরস্থানে প্রয়াত মেয়রের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, কবর জিয়ারত ও স্মরণ সভার আয়োজন করা হয়। পাশাপাশি আলোকচিত্র প্রদর্শনী ও ক্রোড়পত্র প্রকাশসহ নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা।

সকালে আজিমপুর কবরস্থানে প্রয়াত মেয়রের একমাত্র ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। এছাড়া সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, হাজী মোহাম্মদ সেলিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ ও ডিএসসিসির ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

দুপুরে আজিমপুর কবস্থানে মেয়র মোহাম্মদ হানিফ জামে মসজিদে দোয়া মাহফিল এবং ডিএসসিসির নগর ভবন প্রাঙ্গণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

দুপুর ১২টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৮তম করপোরেশন সভায় তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। নগর ভবনে ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএনসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহুল ইসলামসহ করপোরেশনের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

এদিকে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পৃথক শোক বাণী দিয়েছেন। এছাড়া গত মঙ্গলবার থেকে দুই সপ্তাহব্যাপী বিনামূল্যে ওষুধসহ পক্ষকালব্যাপী চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র সাঈদ খোকন।

২০০৪ সালের ২১ আগষ্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশের অস্থায়ী ট্রাক মঞ্চে শেখ হাসিনার গ্রেনেড হামলার সময় মানবঢাল তৈরি করে শেখ হাসিনাকে রক্ষা করেন মোহাম্মদ হানিফ। বঙ্গবন্ধু কন্যা প্রাণে রক্ষা পেলেও  তিনি মস্তিস্কসহ দেহের বিভিন্ন অংশে অসংখ্য স্প্লিন্টারের আঘাতে আহত হন। ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গণে এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে এপোলো হাসপাতালে তিনি মারা যান।