গরিবদের আবাসন নিশ্চিতে ইশতেহারে প্রতিশ্রুতি চায় কাপ



৫৫৫
পথবাসী ও গরিবদের জন্য বহুতল ফ্ল্যাট নির্মাণ এবং তাদের আবাসন নিশ্চিত করার দাবি জানিয়েছে কোয়ালিশন ফর দ্য আরবান পুওর (কাপ)। শনিবার (১ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে আসন্ন একাদশ নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নির্বাচনি ইশতেহারে ‘নগর দরিদ্রদের আবাসনের অধিকার’ নিশ্চিতের লক্ষ্যে কর্মসূচি যুক্ত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে কাপের নির্বাহী পরিচালক খোন্দকার রেবেকা সান ইয়াত লিখিত বক্তব্যে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'এই দেশে কেউ গৃহহীন থাকবে না, রাস্তায় কোনও মানুষ ঘুমাবে না।’ ১ অক্টোবর বিশ্ব বসতি দিবসে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঘোষণা করেন, ঢাকা মহানগরসহ বিভিন্ন শহরে স্বল্পআয়ের পরিবারের আবাসনের জন্য বহুতল ভবনে ১০ হাজার ৫৩৩টি ফ্লাট নির্মাণ প্রক্রিয়া শুরু হয়েছে। সরকার এসডিজি বাস্তবায়নে অঙ্গীকার করেছে। দরিদ্র জনগোষ্ঠীকে বাদ দিয়ে মধ্য আয়ের দেশ বা এসিডিটি অর্জন সম্ভব নয়।

সংবাদ সম্মেলন থেকে পথবাসী ও বস্তিবাসী মানুষদের উন্নয়নে ১০টি সুপারিশ তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বস্তিবাসী অধিকার সুরক্ষা কমিটির সভাপতি হোসনে আরা বেগম রাফেজা, নগর বস্তিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি মো. শাহ আলম, নগর দরিদ্র বস্তিবাসী উন্নয়ন সংস্থার সভাপতি আবদুল হামিদ ফকির প্রমুখ।