ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে হঠাৎ করে ঢাকা মেট্রো-গ ১৩-১৮৮০ নম্বরের একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। চালক দ্রুত গাড়ি থেকে বের হয়ে যান। তিনি সুস্থ আছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় আজিমপুর-গাবতলী (মিরপুর রোড) সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটির ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। গাড়িটি ট্রাফিক পুলিশের সহায়তায় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গাড়ির চালক নূর মোহাম্মদ বর্তমানে নিউমার্কেট থানায় আছে। গাড়িটির মালিক ঢাকা মহানগর দক্ষিণের এক আওয়ামী লীগের নেতা। তাকে খবর দেওয়া হয়েছে।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়িটি সড়ক থেকে উদ্ধার করে আনা হয়েছে। আমরা মালিককে খবর দিয়েছি। তিনি আসলে গাড়ি ও চালককে তার কাছে হস্তান্তর করা হবে।’