কোস্ট গার্ডের নিজস্ব বাদক দল হচ্ছে

বাংলাদেশ কোস্ট গার্ডের নিজস্ব বাদক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির আগামী সভায় এ সংক্রান্ত প্রস্তাব তোলা  হবে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই বাহিনীর নিজস্ব কোনও বাদক দল না থাকায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রীয় অতিথিদের আগমনে অনুষ্ঠানে নৌবাহিনী থেকে বাদক দল নিতে হয়। এ কারণে কোস্ট গার্ড নিজস্ব বাদক দল করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রস্তাব দেয়। কোস্ট গার্ডের সাংগাঠনিক কাঠামোতে ৫৫ জন লোক নিয়োগের প্রস্তাব দেওয়া হয় ২০১৫ সালে। প্রস্তাবটি বিবেচনায় নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদ সৃষ্টির জন্য সম্মতি চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয় সম্মতি দিলে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি চাওয়া হয়। অর্থ মন্ত্রণালয় ৩৬ জনের বিপরীতে অর্থ ব্যয়ের সম্মতি দেয় গত গত বছর ১৪ নভেম্বর।

দীর্ঘ প্রক্রিয়া শেষে ৩৬ জনের  একটি বাদক দল গঠনের জন্য  মন্ত্রিপরিষদ বিভাগে প্রস্তাব পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামী ৯ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় প্রস্তাবটি তোলার জন্য এজেন্ডায় রাখা হয়েছে। বৈঠকে প্রস্তাবটির অনুমোদন দিলে কোস্ট গার্ডের নিজস্ব বাদক দল গঠনের কাজ শুরু হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব (পুলিশ ও এনটিএমসি) মো. নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কোস্ট গার্ড বাহিনী পরে গঠন হয়েছে, এই বাহিনীতে বাদক দল নেই। সে কারণেই বাদক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। কোস্ট গার্ডে প্রয়োজনীয় যা নেই, তা আমরা সংযুক্ত করছি।’

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, বাংলাদেশ কোস্ট গার্ড গঠন করা হয়েছে ২২ বছর আগে। কিন্তু দীর্ঘ সময়েও বাদক দল গড়ে ওঠেনি। তাই এই বাহিনীর নিজস্ব বাদক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। বাদক দল গঠনের প্রস্তাবে বিভিন্ন শ্রেণির ৩৬টি বাদ্যযন্ত্রের চাহিদার কথা বলা হয়েছে। এছাড়া ৪টি নতুন যানবাহন, ১০টি অফিস সরঞ্জাম ও ১৮টি আসবাবপত্র চাওয়া হয়েছে।

বাদক দলে অফিসার ইন চার্জ হিসেবে একজন লেফটেনেন্ট, একজন ব্যান্ড মাস্টার, একজন সহকারী ব্যান্ড মাস্টার, একজন বিবি ট্রাম্পেট বাদক, একজন বিবি কর্নেট বাদক, দুই জন বিবি ক্লারিনেট বাদক, একজন ইবি ক্লারিনেট বাদক, ছয় জন ড্রাম বাদকসহ মোট ৩৬ জনের সামরিক লোকবলের জন্য রাজস্বখাতে স্থায়ীভাবে পদ অনুমোদন চেয়ে প্রস্তাব করা হয়। প্রস্তাবে এই বাদক দলের ব্যয় ধরা হয়েছে ৪২২ কোটি ১৩ লাখ ৬ হাজার টাকা।