অবহেলার দায় এড়াতে পারে না ভিকারুননিসার গভর্নিং বডি: ঢাকা শিক্ষা বোর্ড

ভিকারুননিসা নূন স্কুল

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছে ঢাকা শিক্ষা বোর্ড। বুধবার (৫ ডিসেম্বর) অরিত্রীর আত্মহত্যার জন্য দায়ী অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করাসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া চিঠিতে এই অভিযোগ তুলেছে শিক্ষা বোর্ড।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদাউস, ভিকারুননিসার বেইলি রোড ক্যাম্পাসের প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শিক্ষক হাসনা হেনাকে বরখাস্ত করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এই নির্দেশের পর অধ্যক্ষসহ তিন শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দিয়ে স্কুলটির গভর্নিং বডির সভাপতিকে চিঠি দেয় ঢাকা শিক্ষা বোর্ড ।

কলেজ পরিদর্শক অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ স্বাক্ষরিত আদেশে বলা হয়- গভর্নিং বডি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা, প্রশাসনিক ব্যবস্থা তদারকি, শৃঙ্খলা বজায় রাখা, রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের দায়িত্ব পালন করে। কিন্তু ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরূপ আচরণ, একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত অনিয়ম, স্যনিটেশন সমস্যার বিষয়ে বিস্তর অভিযোগ রয়েছে অভিভাবকদের। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহননের ঘটনা ঘটে। এসব ঘটনা গভর্নিং বডির দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে।

এই আদেশে অভিযুক্ত তিন শিক্ষককে বরখাস্তসহ ৬ ডিসেম্বরের মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার (৩ ডিসেম্বর) পরীক্ষায় নকল করার অভিযোগ তুলে ওই শিক্ষার্থীকে ও তার বাবা-মাকে অপমানসহ ভয়ভীতি দেখানোর পর নবম শ্রেণির প্রভাতী শাখার ছাত্রী অরিত্রী অধিকারী আত্মহত্যা করেন। এই ঘটনায় ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করে ওইদিন থেকেই বিক্ষোভ শুরু করে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) অরিত্রীর পিতা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচণার মামলা দায়ের করেন। বুধবারও সকাল থেকে এই ঘটনার বিচার চেয়ে শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করে।