লতিফ সিদ্দিকী বিএসএমএমইউতে ভর্তি

লতিফ সিদ্দিকীটাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রার্থী আওয়ামী লীগের সাবেক প্রেডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। তিনি বিএসএমএমইউ’র কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জীর অধীনে চিকিৎসাধীন।

বিএসএমএমইউ’র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল হারুণ বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আব্দুল লতিফ সিদ্দিকীকে বহনকারী অ্যাম্বুলেন্স সন্ধ্যা ছয়টার দিকে বিএসএমএমইউতে এসে পৌঁছায়। তিনি বর্তমানে কার্ডিয়াক সিসিইউতে ভর্তি আছেন।’

আমাদের টাঙ্গাইল প্রতিনিধি জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে আব্দুল লতিফ সিদ্দিকী অসুস্থ হলে জেলা রিটার্নিং অফিসারের  নির্দেশে তিন সদস্যের মেডিক্যাল টিম তার স্বাস্থ্য পরীক্ষা করেন। মেডিক্যাল টিমের পরামর্শে লতিফ সিদ্দিকীকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর আগে তিন দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন আওয়ামী লীগের সাবেক প্রেডিয়াম সদস্য টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি রিটার্নিং অফিসারের কার্যালয়ের পাশে অনশন করছিলেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ মোফাজ্জল হোসেন তুষার বলেন, ‘তিন দিন ধরে কিছু না খাওয়ার কারণে তার শরীর ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তার রক্তচাপ কমে যাচ্ছে। চিকিৎসা না পেলে বড় ধরনের ক্ষতি হতে পারে। আমরা তাকে তার শরীরের অবস্থার বিষয়ে বুঝিয়েছি। উনি হাসপাতালে চিকিৎসা নিতে রাজি হয়েছেন। পরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শহীদুল ইসলামের কাছ থেকে অনুমতি নিয়ে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে হাসপাতালে ভর্তি করানো হয়। পরে তার উন্নত চিকিৎসার জন্য দুপুরে বিএসএমএমইউ’র উদ্দেশে পাঠানো হয়।’

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সদর উদ্দিন জানান, দুপুর ২টার দিকে তাকে নিয়ে সরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়।  

গত রবিবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সড়াতৈল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় আব্দুল লতিফ সিদ্দিকীর কর্মী-সমর্থকদের ওপর হামলা ও চারটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনি কালিহাতী থানার ওসির প্রত্যাহারসহ তিন দফা দাবিতে জেলা রিটার্নিং অফিসারের অফিসের সামনে কর্মী-সমর্থকদের নিয়ে ওইদিন দুপুর থেকে অবস্থান ধর্মঘট পালন করছিলেন।

আরও পড়ুন: লতিফ সিদ্দিকীর অবস্থার অবনতি, বিএসএমএমইউতে স্থানান্তর