‘ড. কামাল হোসেন বিএনপি ও জামায়াতকে পুনর্জীবিত করছেন’

 

ড. কামাল হোসেন বিএনপি ও জামায়াতকে পুনর্জীবিত এবং তাদের প্রতিনিধিত্ব করছেন বলে মন্তব্য করেছেন 'একাত্তরের মুক্তিযোদ্ধা'র চেয়ারম্যান আবীর আহাদ। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে 'একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের করণীয়' শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমরা ঐক্যজোট বলতে কিছু বুঝি না। আমরা একটা কথায়ই বুঝি ড. কামাল হোসেন যেটা করছেন, সেটা জামায়াত-বিএনপিকে প্রতিনিধিত্ব করছেন। ঐক্যজোট বা ঐক্যফ্রন্ট বলতে কিছুই নেই। মূল প্রসঙ্গ হলো, উনি জামায়াত ও বিএনপিকে পুনর্জীবিত করছেন।’

তিনি আরও বলেন, ‘ড. কামাল হোসেন বর্তমানে যা করছেন তা ক্ষমতার লোভ হোক বা চেতনার অবমূল্যায়নের কারণেই হোক, উনি যে পথে হাঁটছেন এটা মুক্তিযুদ্ধের পথ নয়। এটা স্বাধীনতা প্রগতির পথ নয়। এটা ধর্মান্ধতা, স্বাধীনতার বিরোধীতা ও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির প্রভাব হিসেবে আমাদের মাঝে আবির্ভূত হয়েছে। ড. কামাল হোসেন আমাদের ইতিহাসের অঙ্গ। কিন্তু আমরা আজকে বিস্মিত হই কী কারণে, কেন, কিসের লোভে উনি আজ পথভ্রষ্ট হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির প্রতিনিধিত্ব করছেন। এই বিষয়টা আমরা মেনে নিতে পারি না।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সাধারণ জনগণকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় আসা মানেই মুক্তিযুদ্ধের বাংলাদেশের পতন। তারা ক্ষমতায় আসা মানেই আবার ইতিহাস বিকৃত হবে। বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের নাম-নিশানা মুছে যাবে। তাই মুক্তিযুদ্ধের চেতনা ও মুক্তিযোদ্ধা-জনতার সার্বিক কল্যাণ এবং দেশের চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে দলমত নির্বিশেষে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জোটের নির্বাচনের প্রতীক 'নৌকা' মার্কায় ভোটের জন্য জনগণসহ নতুন প্রজন্মের ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. হান্নান হোসেন, সহ-সভাপতি মহিবউল ইসলাম ইদু ও সৈয়দ গোলাম মোস্তফাসহ আরও অনেকে।