গুলশানে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে কড়া নিরাপত্তা

মাঠের বাইরের সড়কে পুলিশের অবস্থান

রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে প্রধানমন্ত্রীর নির্বাচনি জনসভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার এই সভা শুরু হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) জন্য ভোট চাইতে নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

মাঠের সামনে পুলিশ ও বিজিবির অবস্থান

সরেজমিন দেখা যায়, ইয়ুথ ক্লাব মাঠের প্রবেশদ্বারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন। এছাড়াও বসানো হয়েছে র‌্যাবের ওয়াচ টাওয়ার। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠটি ঘিরে রেখে তল্লাশি চালায়। বেলা ১২টার দিক থেকে নেতাকর্মীদের ব্যক্তিগতভাবে তল্লাশি করার পর মাঠে প্রবেশ করতে দেওয়া হয়।  

ইয়ুথ ক্লাব মাঠে জনসভার মঞ্চ

এ বিষয়ে গুলশান বিভাগের পুলিশের উপ-কমিশনার মোস্তাক আহমেদ বলেছেন, ‘সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জনসভাস্থলে প্রবেশের সময় প্রত্যেককে আলাদাভাবে তল্লাশি করা হবে।’

র‌্যাবের ওয়াচ টাওয়ার

পুলিশ আরও জানায়, সমাবেশস্থলের সবক’টি সড়ক ও প্রবেশমুখে সিসি ক্যামেরা রাখা হয়েছে। পুলিশের অস্থায়ী সেল থেকে চারপাশের দৃশ্য মনিটরিং করা হচ্ছে। 

নেতাকর্মীদের উপস্থিতি বাড়ছে

এছাড়া নারীদের তল্লাশির জন্য নারী পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ ও র‌্যাবের পাশাপাশি অন্যান্য গোয়েন্দা সংস্থার লোকজনও মাঠে তৎপর রয়েছে বলেও জানা গেছে।

নারী পুলিশের অবস্থান

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের ভিড়ও বাড়তে শুরু করেছে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লোকজন আসতে শুরু করেছেন।  

 ছবি: আমানুর রহমান রনি ও সাজ্জাদ হোসেন। 

আরও খবর: মিছিল নিয়ে জনসভায় আসছেন নেতাকর্মীরা