ঢাকায় কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি বিষয়ক ২১তম আন্তর্জাতিক সম্মেলন

Press realase ICCIT-2018 Photosঢাকায় চলছে তিন দিনের কম্পিউটার ও তথ্য প্রযুক্তিবিষয়ক ২১তম আন্তর্জাতিক সম্মেলন। এই আয়োজনের বিভিন্ন সেশনে ১২টি বৈজ্ঞানিক গবেষণার ওপর আলোচনা হচ্ছে।

শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৯টায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) সম্মেলনের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান। বিশেষ অতিথি আসনে বসেন ইউআইইউ’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা।

সম্মেলনে জানানো হয়, এ বছর ২১টি দেশ থেকে ৩০১টি তথ্যপ্রযুক্তি বিষয়ক গবেষণা থেকে শক্তিশালী রিভিউ কমিটির বাছাইয়ের পর মোট ৮৮টি গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য চূড়ান্তভাবে গৃহীত হয়েছে। এসব গবেষণা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি বিকাশের পাশাপাশি শিল্প উদ্যোক্তা ও শিক্ষার্থীদের উদ্ভাবনীতে কাজে আসবে।

চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে প্রযুক্তিগত উন্নয়ন ও চ্যালেঞ্জ মোকাবিলায় মেশিন ইন্টেলিজেন্স, নেটওয়ার্ক সিস্টেমের নিরাপত্তা, ক্লাউড, সিগন্যাল এবং ইমেজ প্রসেসিং, বিগ ডাটা ও স্যাটেলাইটের ব্যবহারকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ অর্থনীতি কীভাবে লাভবান হবে তা নিয়ে আলোচনা করেন বক্তারা।

উদ্বোধনী আয়োজনে বক্তব্য রাখেন বিশ্বের সবচেয়ে বড় প্রকৌশল পেশাদারদের সংগঠন ইনস্টিটিউট অব ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইইইই) বাংলাদেশ সেকশনের সভাপতি অধ্যাপক সেলিয়া শাহনাজ, টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ এস আলমসহ দেশি-বিদেশি তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ’র উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মোফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হাসনান আহমেদ।