বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা জানান, স্বার্থান্বেষী মহলটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনও মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। এতে জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। গুজবকে কেন্দ্র করে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুজবের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে জাতীয় নির্বাচনের সময় নতুন উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। এ উদ্যোগের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের সহায়তা নেওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনও মাধ্যমে প্রকাশিত কোনও বিষয় গুজব মনে হলে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে গুজব সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।