বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকা এই মানববন্ধনের আয়োজন করে। এতে অন্যদের মধ্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, খুলনা বিভাগীয় সাংবাদিক সমিতির সভাপতি রাহুল রাহা, বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ঢাকার সভাপতি আমীন আল রশীদ, সাধারণ সম্পাদক শেখ জামাল, সহসভাপতি রিশান নসরুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাহবুব সৈকত, সাংবাদিক নেতা শেখ মামুনুর রশিদসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তারা বলেন, ‘বরিশাল কেন্দ্রীয় কারাগারে গম কেলেঙ্কারির ছবি তুলতে গিয়ে কারারক্ষীদের হাতে লাঞ্ছিত হন ফটো সাংবাদিক শামীম আহমেদ। কিন্তু এরকম ঘটনা এই প্রথম নয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলা, মামলা এমনকি খুনও হতে হয়েছে সাংবাদিককে। কারণ সাংবাদিককে সবাই প্রতিপক্ষ ভাবে। যখনই কোনও সংবাদ কারও বিরুদ্ধে যায়, তখনই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টরা সাংবাদিককে প্রতিপক্ষ বা শত্রু ভাবে। অথচ সাংবাদিকের কারণেই মানুষ সত্যটি জানতে পারে।’
তারা আরও বলেন, ‘গণমাধ্যমের কারণেই যেকোনো অন্যায় ও অপরাধ আড়াল করে রাখা কঠিন। কিন্তু অপরাধীরা যেহেতু নিজেদের কর্মকাণ্ড আড়াল করতে চায়, তাই সবসময়ই তারা গণমাধ্যমকে শত্রু পক্ষ ধরে নেয় এবং সুযোগ পেলেই হামলা চালায়।’
মানববন্ধন থেকে বরিশালে ফটো সাংবাদিক শামীম আহমেদের ওপর হামলাকারী কারারক্ষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।