ডিএসসিসির ভেজালবিরোধী অভিযানে চারজনকে কারাদণ্ড, জরিমানা


ডিএসসিসিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভেজালবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সংস্থাটির নেতৃত্বে পরিচালিত খাদ্যে ভেজালবিরোধী অভিযানের অষ্টম দিনে এ দণ্ড দেওয়া হয়।




ডিএসসিসি জানিয়েছে, বুধবার সকাল থেকে গ্রিন রোড, আজিমপুর, মানিক নগর ও গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় গুলিস্তান ক্যাফের মালিক জাহেদ হোসেনকে দুই দিন, গ্রিন চাইনিজের মালিক সেলিম উদ্দিনকে তিন দিন, জিনিয়া হোটেলের মালিক নাজমুল হুদাকে দুই দিন এবং খাজা হোটেলের মালিক আব্দুল মান্নানকে পাঁচ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া আনন্দ রেস্টুরেন্টকে এক লাখ টাকা, হরিপদ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা, ক্যাফে শাহজালালকে ৫০ হাজার টাকা, মায়ের দোয়া হোটেলকে ২০ হাজার টাকা, অলিভ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, হাজী রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, আলমাস হোটেলকে ১০ হাজার টাকা, নিউ বিসমিল্লাহ হোটেলকে ১০ হাজার টাকাসহ মোট ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।