পরিবেশ অধিদফতরের অভিযানে ৫ হাজার কেজি পলিথিন জব্দ, জরিমানা





পরিবেশ অধিফতরপরিবেশ অধিদফতরের পলিথিনবিরোধী অভিযানে রাজধানীর দেবীদাসঘাট এলাকা থেকে ৫ হাজার কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। পাশাপাশি ৩টি কারখানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৩ জানুয়ারি) দিনভর অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেবীদাসঘাট এলাকায় পলিথিন শপিং ব্যাগ তৈরির ৩টি কারখানা ও ২টি গুদাম ঘর থেকে প্রায় ৫ হাজার কেজি পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। এসব কারখানার মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
পলিথিনবিরোধী এ অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন, পরিদর্শক মির্জা আসাদুল কিবরীয়া ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ‘পলিথিনের বিরূপ প্রভাবে পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ঢাকা শহরের অনেক নদী-নালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।’
নিষিদ্ধ ঘোষিত পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদফতরের এনফোর্সমেন্ট অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি বলেন, ‘এ জন্য সবাইকে সচেতনও হতে হবে।’