ঢাবিসহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবি





দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ দাবিতে মানববন্ধনঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)-সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা। শুক্রবার (২৫ জানুয়ারি) সকালে ঢাবির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে আগামী রবিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় এলাকায় আরও একটি মানববন্ধন করার ঘোষণা দেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া মুন্সি আবদুর রউফ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থী সাখাওয়াত উল্লাহ তানভীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চালুর দাবি জানাচ্ছি। কারণ উচ্চ মাধ্যমিক ও ভর্তি পরীক্ষার প্রস্তুতি মিলিয়ে আমরা যথেষ্ঠ সময় পাই না। এছাড়া উচ্চ মাধ্যমিকের সিলেবাসের সঙ্গে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সামঞ্জস্যতা খুবই কম। এ কারণে এ প্লাস পেয়েও আমরা সেখানে চান্স পাই না।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তারা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা পদ্ধতি চালু দাবিতে একটি গ্রুপ খুলেছেন। সেখানে ইতোমধ্যে প্রায় দুই হাজার শিক্ষার্থী যুক্ত হয়েছেন বলে জানান তিনি। তাদের দাবি না মানলে সবাই মিলে আন্দোলনে নামারও কথা বলেন মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

মানববন্ধনে মুন্সি আবদুর রউফ পাবলিক কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাইলস্টোন কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ১৫ অক্টোবর ঢাবি কর্তৃপক্ষ দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। এ সিদ্ধান্তের কারণে অনেক মেধাবী ছাত্র ঢাবিতে পড়ার সুযাগ থেকে বঞ্চিত হবে- এ ধারণা থেকেই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। ঢাবির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে দ্বিতীয়বার ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ২৬ জন অভিভাবক রিট আবেদন করেন। আবেদনের ওপর প্রাথমিক শুনানি শেষে ১৬ মার্চ ঢাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চান আদালত।