জানা গেছে, এবার নির্বাচনে ডিএসইসির মোট ভোটার এক হাজার ৮০ জন। কার্যনির্বাহী কমিটির ২১টি পদে তিনজন সভাপতি ও তিনজন সাধারণ সম্পাদক প্রার্থীসহ মোট ৪১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন জাতীয় সংসদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুহম্মদ শফিকুর রহমান এবং জাতীয় সংসদ সদস্য মো. শহিদ ইসলাম পাপুল।
বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাব-এডিটর কে এম শহিদুল হক সভাপতি এবং এ টি এন নিউজের সাহাদাৎ রানা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গত বছরের ৩১ ডিসেম্বর সংগঠনটির এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, রাজধানী ঢাকায় কর্মরত বিভিন্ন জাতীয় সংবাদপত্র, টেলিভিশন ও বার্তা সংস্থার সহ-সম্পাদকদের নিয়ে ২০০০ সালে গঠিত হয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি)। সদস্যদের কল্যাণ ও পেশাগত দক্ষতা বৃদ্ধিই সংগঠনটির মূল লক্ষ্য।