ফারমার্স ব্যাংকের ঋণের টাকা আত্মসাতের ঘটনায় দু’জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই দু’জন হলেন— আবেদা মেমোরিয়াল প্রাইভেট লিমিটেডের এমডি ইফতেখার হোসেন সিরাজী ও তার স্ত্রী শারমিন রহমান।
বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগে এ চিঠি পাঠানো হয়। ইফতেখার হোসেন সিরাজী ও তার স্ত্রী শারমিন রহমানের বিরুদ্ধে ঋণ নিয়ে প্রায় ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আছে। তাদের ঋণ জালিয়াতি নিয়ে তদন্ত করছে দুদক।
প্রসঙ্গত, ফারমার্স ব্যাংকের অর্থ কেলেঙ্কারির ঘটনায় এরইমধ্যে কয়েকটি মামলা করেছে দুদক। এসব মামলায় ব্যাংকটির নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীসহ কয়েকজন ব্যাংকার ও ব্যাবসায়ীকে আসামি করা হয়েছে।