ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা যাতে কোনও ধরনের বাধা ছাড়া ভোট দিতে যেতে পারে সে পরিবেশ সৃষ্টি করার দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী। বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এ দাবি জানান।
তিনি বলেন, ‘ডাকসু নির্বাচনে যাতে অবাধে এবং নির্ভয়ে সব শিক্ষার্থী ভোটকেন্দ্রে যেতে পারে সে পরিবেশটা তৈরি করতে হবে। আর ছাত্ররা যদি মনে করে, হলের মধ্যে নির্বাচনের পরিবেশ নাই তাহলে ভোটকেন্দ্র হলের বাইরে করা উচিত। সেজন্য ছাত্রদের দাবিকে বিবেচনায় নিতেই হবে। তারা নির্ভয়ে এবং বিনা বাধায় যাতে ভোট দিতে পারে সে পরিবেশটা সৃষ্টি করা দরকার। নির্বাচন হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সুষ্ঠু নির্বাচনের জন্যও শিক্ষার্থীদের এসব দাবি মেনে নেওয়া প্রয়োজন।’
ডাকসু নির্বাচনের ভোটকেন্দ্র হলের বাইরে রাখার দাবিতে প্রগতিশীল ছাত্রজোটসহ কয়েকটি সংগঠন শুরু থেকেই দাবি জানিয়ে আসছে। কারণ, হিসেবে তাদের দাবি, বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছাত্রলীগের একক নিয়ন্ত্রণ রয়েছে। তাই হলের মধ্যে ভোটকেন্দ্র হলে নির্বাচন সুষ্ঠু হবে না। যদিও ডাকসুর গঠনতন্ত্রে ভোটকেন্দ্র হলের মধ্যেই রাখার কথা বলা আছে। গঠনতন্ত্রের ধারাটিসহ অন্য কয়েকটি ধারা সংশোধনের জন্য ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রদলসহ আরও কয়েকটি সংগঠন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রস্তাবনা পেশ করেছিল। এ বিষয়ে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদও হলের বাইরে ভোটকেন্দ্র রাখার দাবি জানিয়েছে। গত মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট সভার সিদ্ধান্তনুসারে গঠনতন্ত্রের ধারাটি অপরিবর্তন রাখা হয়। যার ফলে হলের মধ্যেই ভোট অনুষ্ঠিত হবে।
এ নিয়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছে। তবে, ছাত্রলীগ হলের মধ্যেই ভোটকেন্দ্র চাইছে।