পুরুষ নির্যাতন বন্ধে আইন করার দাবি



২২২২নারী নির্যাতন প্রতিরোধ আইনের মতো পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন করার দাবি জানিয়েছে বাংলাদেশ মেন’স রাইটস ফাউন্ডেশন (বিএমআরএফ)।
র‌বিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে আ‌য়ো‌জিত এক মানববন্ধ‌ন থেকে এ দাবি জানান সংগঠ‌নটির সদস্যরা।
মানববন্ধনে বিএমআরএফ চেয়ারম্যান শেখ খায়রুর আলম বলেন, ‘পুরুষরা ঘরে ও বাইরে নির্যাতনের শিকার হলেও আত্মসম্মানের ভয়ে কিছু প্রকাশ করতে পারেন না। আবার নারী নির্যাতনের মতো পুরুষ নির্যাতন আইন না থাকায় নিজের সুরক্ষায় আইনের আশ্রয়ও নিতে পারছেন না।’ তিনি অভিযোগ করে বলেন, ‘নারী নির্যাতন ও যৌতুকের মামলাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন নির্যাতনকারী নারীরা।’
৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালন করার দাবি জানান তিনি।
বাংলাদেশ তথ্য ও মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব রাশেদুজ্জামান বলেন, “দণ্ডবিধির ৪৯৭ ধারায় বলা হয়েছে, ‘যদি কোনও ব্যক্তি এমন কোনও নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ছাড়া যৌনসঙ্গম করে এবং অনুরূপ যৌনসঙ্গম যদি ধর্ষণের অপরাধ না হয় তাহলে সেই ব্যক্তি ব্যভিচারী হিসেবে দায়ী হবে।’ এ অপরাধের শাস্তি ৭ বছর পর্যন্ত কারাদণ্ড। কিন্তু এক্ষেত্রে একইভাবে স্ত্রীর দুষ্কর্মের সহায়তাকারিণী হিসেবে দৃষ্টান্তমূলক শাস্তি বলে গণ্য করা হয়নি।’ নারীদের শাস্তি না থাকার কারণে তারা পরকীয়ায় উৎসাহিত হচ্ছে দাবি করে তিনি বিবাহবহির্ভূত সম্পর্ক বন্ধে দণ্ডবিধির ৪৯৭ ধারার সংশোধনের দাবি করেন।