গবেষণার জন্য অনুদান পেলো বিএসএমএমইউ’র ২১১ শিক্ষার্থী

একজন গবেষকের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)- এর ২১১ জন শিক্ষার্থীকে গবেষণা অনুদান (থিসিস গ্রান্ট) দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) ছাত্রছাত্রীদের মাঝে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিএসএমএমইউ-এর এ ব্লকের অডিটোরিয়ামে চেক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গবেষণার জন্য অনুদান পাওয়া ২১১ শিক্ষার্থীর মধ্যে মেডিসিন অনুষদের ৯৪, শিশু অনুষদের ৩১, সার্জারি অনুষদের ৫৪, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ২২ জন এবং ডেন্টাল অনুষদের ১০ জন ছাত্রছাত্রী রয়েছেন।

থিসিস গ্রান্ট প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি বিএসএমএমইউ-র  উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘ছাত্র জীবন স্বপ্ন দেখার সময়। জীবন গড়ার সময়। এই সময়ে যতটুকু নিজেকে গড়ে তুলতে পারবে, সেটাই সারা জীবন কাজে লাগবে। তাই সঠিক ও যথাযথভাবে এবং সততা ও আন্তরিকতার সঙ্গে কোনও রকম ফাঁকি না দিয়ে সত্যিকার অর্থেই  গবেষণা কর্ম, থিথিস সম্পন্ন করতে হবে। তাহলেই সেটা নিজের জন্য যেমন সম্পদ হবে এবং অন্যের জন্য কল্যাণকর হবে।’

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার বলেন, ‘বর্তমান সময়ে গবেষণার অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণার জন্য সুযোগ-সুবিধা দিন দিন বাড়ছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা ও সহযোগিতার ফলে গবেষণার ক্ষেত্রে নব দিগন্তের দ্বার উন্মোচিত হয়েছে।’  

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ, পরিচালক (অর্থ ও হিসাব) মো. আবদুস সোবহান, উপ- রেজিস্ট্রার মো. আব্দুল আলীম প্রমুখ