দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘জামায়াতবিহীন বাংলাদেশ’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৩০ মিনিটে বাংলা ট্রিবিউন কার্যালয়ে শুরু হয় সাপ্তাহিক এই আয়োজন।
শাহরিয়ার কবির বলেন, ‘বিএনপিকে আহ্বান জানানো হয়েছে, গত নির্বাচনের আগে জামায়াতের সঙ্গ ছাড়ার জন্য। কংগ্রেসে এটা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপির মধ্যে বাইরের চাপ তো একটা আছেই, তাদের তৃণমূলের কর্মীরাও ভাবছে যে, জামায়াতের গণহত্যার দায় কেন আমাদেরকে বহন করতে হবে।’
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপিতে প্রচুর মুক্তিযোদ্ধা আছে, তারা কিন্তু জামায়াতের এই দায়টি নিতে চাচ্ছেন না। নিতে না চাইলে কী হবে? কার্যত তো নিতে হচ্ছেই। ফলে ওই চাপটা তো আছেই, জামায়াত এবার নির্বাচনে দেখেছে যে তারা সংসদ থেকে একেবারেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এখন একটা হচ্ছে তাদের আদালতে দাঁড়াতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ হোক কাল হোক দল হিসেবে জামায়াতকে দাঁড়াতে হবে। এটি তারা এড়িয়ে যেতে চাইছে। নাম বদলে, নেতার পদত্যাগ করে সে দায় এড়ানো যাবে না। আমাদের তো দাবি ছিল, শুধু দল নিষিদ্ধ করলে হবে না, স্থাবর-অস্থাবর সব সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে।’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় এ বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য নূহ-উল-আলম লেনিন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ, অনলাইন অ্যাক্টিভিস্ট আরিফ জেবতিক ও বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক উদিসা ইসলাম।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে এ আয়োজন।
ছবি: নাসিরুল ইসলাম