ঝিনাইদহের মহেশপুর থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলাম এর এক সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আটক ব্যক্তির নাম জসিম উদ্দীন।
জানা যায়, ঝিনাইদহ র্যাব-৬ এর একটি দল শনিবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বাবলা মাথাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের মাঠে অভিযান চালিয়ে জসিমকে আটক করে। আটক জসিম ওই গ্রামের দক্ষিণপাড়ার ফারুক হোসেনের ছেলে। এসময় তার কাছ থেকে দু’টি মোবাইল সেট, তিনটি সিম ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়।
রবিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সম্মেলন করে এসব তথ্য জানান ঝিনাইদহ র্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মো. মাসুদ আলম।
আটক জসিমের বিরুদ্ধে ফেসবুকে ধর্মীয় উগ্রতা উসকে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
র্যাব জানায়, জসিম যশোর চৌগাছা উপজেলার বর্নী শাহাপুর কওমী মাদরাসায় ৮ বছর লেখাপড়ার পর ঢাকার কেরানিগঞ্জের একটি মাদ্রাসায় ভর্তি হয়। সেখান থেকে সে ধর্মীয় উগ্রবাদ মতাদর্শের সঙ্গে যুক্ত হয়।